সর্বশেষ

টাইগারদের মনোবল বাড়াতে উদ্যোগ নেব: পাপন

ক্রিকেটারদের মনোবল বাড়াতে রবিবার ঢাকা ছাড়বেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবেন তিনি। তাদের পরামর্শ দেবেন সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে এবং ক্রিকেটারদের মানসিক ভাবে চাঙা করতে নিজেই উদ্যোগী হবেন বোর্ড সভাপতি। শুক্রবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে সংবাদমাধ্যমের কাছে এসব কথা বলেন তিনি। মনোবল হারানোর কারণ আছে। অস্ট্রেলিয়ায় টানা ৪ ম্যাচ হেরেছে মাশরাফিরা। সর্বশেষ বাংলাদেশের চেয়ে র্যা ঙ্কিংয়ে পেছানো আয়ারল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ ব্যাপারে নাজমুল হাসান বলেছেন, ‘বৃহস্পতিবার দল হারের পর মন ভীষণ খারাপ হয়ে আছে। তামিম-সাকিব-মুশফিক রান পাচ্ছে না। আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে।’ আয়ারল্যান্ডের সঙ্গে হারের পর হতাশ পুরো ক্রিকেট দল। প্রভাব মূল ম্যাচে পড়বে। এখন মানসিকভাবে শক্তিশালী করার জন্য ম্যানেজমেন্ট থেকে উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, ‘শুক্রবার পত্রিকায় মাশরাফির কথাগুলো দেখলাম , মনে হচ্ছে ওরা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। এখন তাদের উজ্জীবিত করা দরকার।’ পাপন বলেন, ‘আমি যাচ্ছি ওখানে। খেলার আগেই পৌঁছে যাব আশা করি। ওদের সঙ্গে কথাবার্তা হবে। আমি মনে করি খেলাধুলায় হারজিত অবশ্যই আছে। তবে বৃহস্পতিবারের হার দুঃখজনক ছিল। মনে করেছিলাম আমরা জিতব; কিন্তু পারিনি। আমাদের পারফরম্যান্সই ভাল হচ্ছে না।’ কন্ডিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা জানি এমন কন্ডিশনে খেলতে গেলে ২৮০ রানের নিচে স্কোর করে কোনো লাভ নেই। এর নিচে জেতাটা সম্ভব নয়। সব ম্যাচেই বড় বড় স্কোর হচ্ছে। আমরা ওই কন্ডিশনে আড়াইশোই করতে পারছি না। বৃহস্পতিবার ২০০ রানই করতে পারিনি আয়ারল্যান্ডের মতো দুর্বল দলের সঙ্গে। আমাদের ব্যাটিং ঠিকমতো হচ্ছে না। অবশ্য আমাদের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান রিয়াদও খেলেনি। হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পজিশন চেইঞ্জ করে খেলানো হয়েছে হয়তো। এটার একটা ইমপ্যাক্ট থাকতে পারে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ মূল ম্যাচে ঘুরে দাঁড়াবে। ঘুরে না দাঁড়ানোর কোন কারণ আমি দেখি না। আমাদের সামনের যে ম্যাচগুলোতে আমরা হার-জিত নিয়ে চিন্তিত নই। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। আমরা চাই বাংলাদেশ ভাল খেলুক।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের যে দল আছে তাদের অনেক স্ব-ক্ষমতা আছে। এর কিছু যেন তারা এই বিশ্বকাপে প্রদর্শন করতে পারে এই প্রত্যাশাই করছি।’ ম্যাচের পর ক্রিকেটারদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি গত কালই ফোন করতে চেয়েছিলাম। করিনি এই কারণে যে আমি দেখতে চেয়েছিলাম মাশরাফির রেসপন্সটা কি। পত্রিকায় মাশরাফির রেসপন্স দেখে মনে হচ্ছে ওদের সঙ্গে কথা বলা দরকার। আমি আজ ওদের সবার সঙ্গে কথা বলব। যতটুকু পারি একটু চাঙা করার চেষ্টা করব। হতাশ হওয়ার কোন কারণ নেই এটাই বলব। খেলাধুলায় হারজিত থাকে, এটাকে নিয়ে যেন বসে না থাকে। সামনের ম্যাচগুলো নিয়ে যেন চিন্তা করে।’ বিশ্বকাপের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, গত এশিয়া কাপে এই দলের বিপক্ষে আমাদের হারতে হয়েছিল। মূল লড়াইয়ের আগে এমন হার বাংলাদেশকে শঙ্কায় ফেললো কিনা এমন প্রশ্নে পাপন বলেছেন, ‘স্কটল্যান্ড-আফগানিস্তান ওই কন্ডিশনে আমাদের চেয়ে অনেক ভাল দল। এতে কোনো সন্দেহ নেই। স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩১৩ চেজ করে ৩১০ করেছে। আমাদের সমস্যা আমাদের ব্যাটিংয়ে রান হচ্ছে না। ব্যাটিংয়ে ভাল করতে গেলে আমাদের ১-২ জনকে ভাল খেললে হবে না। একাধিক খেলোয়াড়কে ভাল খেলতে হবে। আসলে তামিম-মুমিনুল-মুশফিক-এনামুল-সাকিব-রিয়াদদের রান করতে হবে। আড়াইশোর উপরে না গেলে এটা কোন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হতে পারে না। তাদের দুর্বল ভাবার কারণ নেই। স্কটল্যান্ড খুব শক্তিশালী দল ওই কন্ডিশনে।’ তিনি আরো বলেন, ‘এখন এই পরিবেশের সঙ্গে যত তাড়াতাড়ি খাপ খাইয়ে নেওয়া যায় ততই ভাল। অনুশীলন এবং ট্রেনিংয়ে কোনো ঘাটতি ছিল না। এতে পুরো সন্তুষ্ট টিম। ওরা বলেছে কোনো ঘাটতি নেই। আমার মনে হয়, একটু মনোবলের দরকার। সেই মনোবলের জন্য চেষ্টা করব। খেলাধুলায় হার-জিত আছে। আমি কিন্তু হার জিত নিয়ে চিন্তিত না। আমার কথা হচ্ছে ভাল খেলা। ’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.