সর্বশেষ

ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

অ্যাডিলেড: শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫ রানে হারাল বাংলাদেশ। এতেই প্রথমবারের মত টাইগাররা উঠে গেল স্বপ্নের কোয়ার্টার-ফাইনালে।

মাহমুদুল্লাহ রিয়াদের ইতিহাস গড়া শতকের পর রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ইংলিশদের হারিয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিল।
ক্ষণে ক্ষণে রঙ বদলানোর এই ম্যাচে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল স্বপ্ন গুড়িয়ে দিতে ইংল্যান্ডের দরকার শেষ ১২ বলে ১৬ রান। আর টাইগারদের প্রয়োজন মাত্র দুটি উইকেট।
মাশরাফি বল তুলে দেন রুবেল হোসেনের হাতে। প্রথম বলেই উড়ে যায় স্টুয়ার্ট ব্রডের উইকেট। দ্বিতীয় বল কোনোমতে ঠেকাতে সক্ষম হন নতুন ক্রিজে আসা জেমস অ্যান্ডারসন। তৃতীয় বলটি তিনি চোখেই দেখতে পারেনি।
অ্যান্ডারসন যতক্ষণে দেখলেন, ততক্ষণে মাঠে উৎসবে মেতে উঠেছেন মাশরাফি-মাহমুদুল্লাহ-রুবেলরা। আর অ্যাডিলেডের গ্যালারিতে আছড়ে পড়ছে লাল-সবুজের নয়নাভিরাম ঢেউ। বাংলাদেশ ক্রিকেট দলকে আরটিএনএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।
সোমবার অ্যাডিলেডে ‘এ’ গ্রুপে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৫ রান করে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও মাহমুদুল্লাহর শতক আর মুশফিকুর রহিমের অর্ধশতকে চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা।
মাহমুদুল্লাহ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে শতক করেন। ১০২ রানের এই ইনিংস তার ক্যারিয়ারেও প্রথম শতক। মাহমুদুল্লাহ সঙ্গে রেকর্ড ১৪১ রানের জুটি গড়ার পেছনে মুশফিকুর রহিমও করেন মূল্যবান ৮৯ রান।
২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অষ্টম ওভারেই মইন আলীকে হারায় ইংল্যান্ড। মিড-অনে বল পাঠিয়ে রান নিতে গিয়ে সৌম্য সরকারের দারুণ থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন মুশফিকুর রহিম।
দলীয় ৪৩ রানে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগান সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। ২১ বল খেলে ১৯ রান করে রানআউট হন মইন আলী। দলীয় ৯৭ রানে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন অধিনায়ক মাশরাফি।
২৯ রান করে মুশফিকের হাতে ধরা পড়েন অ্যালেক্স হেলস। আর ১২১ রানে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়ান বেল। তিনি উদ্বোধনীতে নেমে ৮২ বলে ৭ চারে করেন ৬৩ রান। রুবেলের একই ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সাকিবের দুর্দান্ত ক্যাচে শূন্যহাতে ফেরেন অধিনায়ক মরগান।
রুবেলের জোড়া আঘাতে দারুণভাবে খেলায় ফেরে বাংলাদেশ। সেটিকে আরও সহজ করেন দলীয় ১৩২ রানে তাসকিন জেমস টেইলরকে ফিরিয়ে। তার ব্যাটের কানায় লেগে স্লিপে গেলে তা লুফে নিতে ভুল করেননি ইমরুল কায়েস।
এরপর জো রুট আর জস বাটলার বাংলাদেশের স্বপ্নকে ফিঁকে করতে থাকেন। থিতুঁ হতে থাকা জো রুটকে ফেরান টাইগার ক্যাপ্টেন মাশরাফি। দলীয় ১৬৩ রানে রুট উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন। তিনি করেন ২৯ রান।
এরপরই মূলত জস বাটলার ও ক্রিস ওকসের ৭৫ রানের জুটিতে দারুণভাবে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। তবে দলীয় ২৩৮ রানে তাসকিনের বলে বাটলার উইকেটের পেছনে ক্যাচ দিলে বাংলাদেশের স্বপ্ন আরও চওড়া হয়। বাটলার করেন ৫২ বলে ৬ চার এক ছক্কায় ৬৫ রান।
দলীয় একই রানে রানআউট হন ক্রিস জর্ডান। সাকিবের সরাসরি থ্রো উইকেট ভেঙে দিলে সাজঘরে ফেরেন জর্ডান। এরপরই ৪৯তম ওভারে শুরু রুবেল গোলা। প্রথম বলে বোল্ড হন স্টুয়ার্ট ব্রড। এরপর তৃতীয় বলে নেই জেমস অ্যান্ডারসনের উইকেট। অপরপ্রান্তে ৪০ রানে অপরাজিত থেকে ক্রিস ওকস শুধু ইংলিশদের বিদায় গাঁথারই সাক্ষী হলেন।


রুবেল হোসেন ৫৩ রানে নেন ৪ উইকেট। মাশরাফি ৪৮ এবং তাসকিন ৫৯ রানের খরচায় পান দুটি করে উইকেট। ম্যাচসেরা হন অনবদ্য শতক করা মাহমুদুল্লাহ রিয়াদ।

‘এ’ গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।j1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.