সর্বশেষ

আল্লাহ জাতীয় পার্টিকে পাঠিয়ে জাতিকে রক্ষা করেছেনঃ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের প্রতিটি মানুষ এখন পরিবর্তন চায়। তারা দুই দলকে আর দেখতে চায় না। তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।
আজ শনিবার দুপুরে নগরের মুরাদপুরে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এরশাদ একথা বলেন।
বর্তমান পরিস্থিতিকে দলের জন্য ক্ষমতায় যাওয়ার ‘সুবর্ণ সুযোগ’ উল্লেখ করে দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনীতি, মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল এগিয়ে আসেনি। কিন্তু আমরা এসেছি। আমরা সমঝোতা ও ঐক্যে বিশ্বাস করি। সময় এসেছে, এ সুযোগ হারানো যাবে না। আল্লাহপাক জাতিকে রক্ষা করেছেন, তিনি জাতীয় পার্টিকে পাঠিয়েছেন। আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি, তাহলে আল্লাহপাক অসন্তুষ্ট হবেন।
নিজের হাতে ‘রক্তের দাগ’ নেই দাবি করে এরশাদ আরো বলেন, নূর হোসেন ও ডা. মিলনকে আমি হত্যা করি নাই। তবুও দুজন মানুষ হত্যা হয়েছিল বলে ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আজ প্রতিদিন কত শত মানুষ মরছে, তার হিসাব নাই। জ্বলে মরছে, গুলিতে মরছে, তার পরও কারো প্রাণে দয়ামায়া কিছু নেই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছি আমরা। যারা আন্দোলন করছেন, তারা নিজেদের স্বার্থ আদায়ে মানুষ পুড়িয়ে মারছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক ও সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ। এতে আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, শামসুল আলম, মহানগর কমিটির সদস্যসচিব মো. এয়াকুব হোসেন প্রমুখ।
Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.