এক ওভারে ৩৪ রান তুলে একপ্রকার অপমান করলেন এ বি ডি ভিলিয়ার্স
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে একেবারেই ভুল করেনি দক্ষিণ আফ্রিকা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট যে ব্যাটিংযের জন্য দারুণ, সেটাই নতুন করে প্রমাণিত প্রোটিয়াদের ব্যাটিংয়ে। দ্বিতীয় উইকেটে হাশিম আমলা আর ফ্যাফ ডু প্লেসির ১২৭ আর চতুর্থ উইকেটে রাইলি রুশো আর এবি ডি ভিলিয়ার্সের ১৩৪ রানের দুটি জুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে নিয়ে গেছে ৪০৮ রানের অসম্ভব এক উচ্চতায়। এটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সংগ্রহ। অস্ট্রেলিয়ার মাটিতেও এর চেয়ে বড় স্কোর আর হয়নি।
বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটি অল্পের জন্য করতে পারেননি প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৬৪ বলে তাঁর ১৬২ রানের ইনিংসটি নিষ্ঠুরতার সঙ্গেই ভেঙে দিয়েছে সব ধরনের ক্যারিবীয় প্রতিরোধ। মজার ব্যাপার হচ্ছে ৫২ বলে সেঞ্চুরি করা ভিলিয়ার্স তাঁর সার্ধশত রান পূরণ করেন মাত্র ১২ বলে—এটা তো অবিস্মরণীয় এক ব্যাপার, তাই নয় কি! উইকেটের চার দিকে ভিলিয়ার্স যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ক্রিকেটে ব্যাটিংটা বোধহয় খুব সহজ। ইনিংসের ৪৭তম ওভারে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে তিনি করছেন ‘চূড়ান্ত অপমান’—এক ওভারে ৩৪ রান তোলাকে ‘অপমান’ ছাড়া আর কী অভিধাই বা দেওয়া যায়।
এন১১


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন